নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম–৯ (কোতোয়ালি–বাকলিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক।
সোমবার (১২ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
এর আগে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন এ কে এম ফজলুল হক। তবে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক চট্টগ্রাম–৯ আসনে তার মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি শেষে তা নামঞ্জুর করে নির্বাচন কমিশন।
বিষয়টি নিশ্চিত করে তার আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, ‘‘আপিলটি যথাযথ নিয়মে দায়ের করা হয়েছিল এবং এতে সংবিধান ও আইনের বিভিন্ন ধারা উল্লেখ করে বিস্তারিত যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। তা সত্ত্বেও সোমবার নির্বাচন কমিশন আপিলটি নামঞ্জুর করেছে।’’
তিনি আরও বলেন, “আমরা প্রত্যাশা করেছিলাম নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তার আদেশ বাতিল করবে এবং আমাদের মক্কেলের প্রার্থিতা বহাল থাকবে। কারণ মনোনয়নপত্র বাতিলের আদেশটি সংবিধান ও প্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর সংশ্লিষ্ট ধারার ভুল ব্যাখ্যার ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এ সিদ্ধান্ত বৈষম্যমূলক, কেননা বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক প্রার্থী বিদেশি নাগরিকত্ব ত্যাগের আবেদন করেই মনোনয়নপত্র দাখিল করেছেন এবং তাদের মনোনয়ন বাতিল হয়নি।”
ব্যারিস্টার বেলায়েত হোসেন আরও বলেন, “স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা ন্যায়বিচার ও সমান আচরণ প্রত্যাশা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নির্বাচন কমিশন সংবিধান ও আইনের বিধানগুলোর কেবল আক্ষরিক ব্যাখ্যায় সীমাবদ্ধ থেকেছে।”
এ অবস্থায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে বলেও জানান তিনি।