ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধ করলো বাংলাদেশ

 

‎নিরাপত্তার কারণে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন থেকেও সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

‎তার আগে, সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনও একই সেবা দেয়া বন্ধ করার তথ্য জানা যায়। দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে এ সংক্রান্ত একটি নোটিশ টানানো হয়েছে।

‎পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ভারতে বাংলাদেশের এই দুই মিশনে এসব সেবা বন্ধ থাকবে।

‎গত শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০-২৫ জনের একটি দল বিক্ষোভ করে।

‎তারা সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়। পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয় তারা।

‎এই ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনারের পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে— গতকাল রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এমনটা জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

‎এছাড়া, শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন। বিক্ষোভের সময় ভিসা সেন্টারটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

‎কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনেও ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভ করে।

‎চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। সম্প্রতি ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর এই সর্ম্পকে উত্তেজনা আরও বাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *