চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদরঘাট, চান্দগাঁও ও ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে হঠাৎ রদবদল আনা হয়েছে। এতে সদরঘাট ও ডবলমুরিং থানায় নতুন মুখকে ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদলের তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, সদরঘাট থানার ওসি মুহাম্মদ আরিফুর রহমান, চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন এবং ডবলমুরিং থানার ওসি জামির হোসেন জিয়াকে সিএমপির লাইনওয়ারে বদলি করা হয়েছে।
একই আদেশে নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। বায়েজিদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকীকে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিএমপি পুলিশ প্রসিকিউশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নুর হোসেন মামুনকে চান্দগাঁও থানার ওসি এবং পাহাড়তলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন কে খাঁনকে ডবলমুরিং থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সিএমপি জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ শিগগিরই কার্যকর হবে।