আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–০৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে ১২ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে তাঁর দাখিল করা মনোনয়নপত্রে কোনো আইনগত বা প্রক্রিয়াগত অসংগতি পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে এই আসনে ১২ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে তাঁর নির্বাচনী লড়াইয়ের পথ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হলো।
মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় জোবাইরুল আরিফ বলেন, এই বৈধতা কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি চট্টগ্রাম-০৮ আসনের সাধারণ মানুষের পক্ষে দাঁড়ানোর নৈতিক স্বীকৃতি। দীর্ঘদিন যারা ভয়, সন্ত্রাস ও বৈষম্যের মধ্যে থেকেছে, এটি তাদের কণ্ঠ সংসদে পৌঁছে দেওয়ার সুযোগ।
তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের নয়। এটি নির্ধারণ করবে, বাংলাদেশ কি সত্যিই ভয়মুক্ত রাজনীতির দিকে হাঁটবে, নাকি পুরোনো শক্তির ছায়াতেই আটকে থাকবে সেই প্রশ্নে।
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনটিকে ঘিরে এবারের নির্বাচনে জোট রাজনীতির প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। এনসিপি ও সমমনা দলগুলোর সমন্বয়ে গঠিত ১২ দলীয় জোট এই আসনে একটি ঐক্যবদ্ধ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার কৌশল নিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।