নীলফামারীর সৈয়দপুরে গ্রেপ্তার এড়াতে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) রাতে নীলফামারী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবদুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন। এ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
বিএনপিতে যোগ দেওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট বিএনপির অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নি-সংযোগসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। এসব মামলায় গত ৭ই অক্টোবর ২০২৪ তারিখে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি সম্প্রতি এসব মামলায় জামিনে মুক্ত হয়েছেন। বিএনপিতে যোগদান বিষয়ে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, “দীর্ঘদিন আওয়ামী লীগ করলেও বর্তমানে দলে বঙ্গবন্ধুর আদর্শ নেই। দুর্নীতি আর কর্মীদের অবমূল্যায়নের কারণে আমি অতিষ্ঠ। তাই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছি।”
বিএনপিতে যোগ দেওয়া ব্যাক্তিদের মধ্যে আরও রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আবুল হাসেম সরকার, কামারপুকুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাবু সরকারসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
অন্যদিকে, অধ্যক্ষ আবদুল গফুর সরকার নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, “তারা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছেন। তাদের এই অংশগ্রহণ তৃণমূল পর্যায়ে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে।”