কক্সবাজারের কুতুবদিয়ায় তাপসী দাশ (৪০) নামের এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছোট ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর পালানোর সময় অভিযুক্ত কালি চরণ দাশ (৩৫)কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরারছড়া জেলে পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তাপসী দাশ ওই এলাকার প্রভাত দাশের মেয়ে।
নিহতের স্বজন বলরাম দাশ জানান, তাপসী দাশের স্বামী পেশাগত কারণে গভীর সাগরে মাছ ধরতে গেছেন। এ সময় তিনি শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। অভিযুক্ত কালি চরণ দাশ একই পরিবারের সদস্য এবং তিনি তাঁর কাকাতো বোনের স্বামীর বাড়িতে বসবাস করতেন। কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেননি বলে জানান তিনি।
পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় তাপসী দাশ শ্বশুরবাড়ির রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় কালি চরণ দাশ হঠাৎ ঘরে প্রবেশ করে পেছন দিক থেকে ধারালো দা দিয়ে তাঁর ঘাড় ও মাথায় একাধিক কোপ দেন। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাপসী দাশের মৃত্যু হয়।
ঘটনাটি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।