চট্টগ্রাম-১২ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, ঝুলে আছে আমীর খসরু ও আসলাম চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের সংসদীয় আসনগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া অনেকাংশে সম্পন্ন করেছে। দলীয় সূত্র জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১২টিতে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-০১ (মীরসরাই) আসনে নুরুল আমিন এবং চট্টগ্রাম-০২ (ফটিকছড়ি) আসনে সরওয়ার আলমগীরকে দলীয় প্রার্থী করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম-০৫ (হাটহাজারী–বায়েজিদ) আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-০৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-০৭ (রাঙ্গুনিয়া) আসনে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-০৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম-০৯ (কোতোয়ালী–বাকলিয়া–চকবাজার) আসনে মুহাম্মদ আবু সুফিয়ানকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

IMG 20251225 132917 939 1

 

দক্ষিণ চট্টগ্রামের আসনগুলোতেও বিএনপি প্রার্থী চূড়ান্ত করেছে। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এনামুল হক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগড়া) আসনে নাজমুল মোস্তফা আমিন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মিশকাতুল ইসলাম চৌধুরী দলীয় মনোনয়ন পেয়েছেন।

তবে কয়েকটি আসনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। চট্টগ্রাম-০৪ (সীতাকুণ্ড) আসনে আসলাম চৌধুরী এফসিএকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হলেও কেন্দ্রীয়ভাবে তা এখনো অনুমোদিত হয়নি। একইভাবে চট্টগ্রাম-১০ (ডাবলমুরিং–হালিশহর) আসনে সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিষয়ে প্রাথমিক মনোনয়ন থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।

এদিকে চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে মোস্তফা কামাল পাশাকে চূড়ান্ত প্রার্থী করা হলেও চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গ) আসনে এখনো কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। পাশাপাশি চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)’র সঙ্গে আসন সমঝোতায় যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এসব আসনে ভোটের বাস্তবতা ও কৌশলগত দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে সময় নেওয়া হচ্ছে।

সামগ্রিকভাবে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১২টিতে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হলেও দুটি আসনে প্রাথমিক মনোনয়ন এবং দুটি আসনে কোনো সিদ্ধান্ত না থাকায় নির্বাচনী সমীকরণ এখনো পুরোপুরি স্থির হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনিষ্পন্ন আসনগুলোতে দ্রুত সিদ্ধান্ত না এলে মাঠপর্যায়ের সাংগঠনিক প্রস্তুতিতে প্রভাব পড়তে পারে। তবে এখন পর্যন্ত ঘোষিত তালিকা চট্টগ্রামে বিএনপির নির্বাচনী কৌশল ও প্রস্তুতির একটি সুস্পষ্ট চিত্র তুলে ধরছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *