চট্টগ্রাম-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন জোবাইরুল আরিফ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ।

সোমবার (২৯ ডিসেম্বর) তিনি চট্টগ্রাম জেলা পরিষদ কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জোবাইরুল আরিফ বলেন, চট্টগ্রাম-৮ আসন দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা। “এই এলাকায় একজন মানুষকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে,”

উল্লেখ করে তিনি বলেন, চান্দগাঁও–বোয়ালখালীকে নিরাপদ ও মানবিক বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলাই তাঁর রাজনৈতিক অঙ্গীকার।

দলীয় সূত্র জানায়, চট্টগ্রামে এনসিপি প্রাথমিকভাবে একাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করলেও জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর সঙ্গে জোট গঠনের পর কৌশলগত সিদ্ধান্তের অংশ হিসেবে চট্টগ্রাম-৮ আসনে জোবাইরুল আরিফকেই একমাত্র এনসিপি প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। অন্য আসনগুলোতে এনসিপির প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিলেও জোটগত সিদ্ধান্ত অনুযায়ী পরে সেগুলো প্রত্যাহার করে নেন।

এনসিপি সূত্র আরও জানায়, জোটের ভেতরে আসনভিত্তিক সমঝোতার মাধ্যমে চট্টগ্রাম-৮ আসনটি এনসিপির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। দলটি মনে করছে, এই আসনে জোবাইরুল আরিফ জোটের পক্ষে একটি ঐক্যবদ্ধ ও গ্রহণযোগ্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *