কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে গুরুতর আহত শিশুটি মারা যায়নি; তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং এলাকায় গুলিবিদ্ধ হওয়া শিশুটি মারা গেছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানালেও পরে হোইয়ক্যাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.শাহজালাল দুপুরে জানান তথ্যটি সঠিক নয়।
জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস দুপুর ২টার দিকে গণমাধ্যমকে বলেন, শিশুটি গুবিবিদ্ধ হয়েছে। প্রথমে মারা যাওয়ার কথা শোনা গেলেও তা সঠিক নয়। “তাকে চট্টগ্রামে মেডিকেলে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত বেঁচে আছে। হাসপাতালে নেওয়া পর্যন্ত কী হবে, জানি না।”
এদিকে এ ঘটনায় কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন বিক্ষুব্ধ স্থানীয়রা।