ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রামে দ্বিতীয় দফায় আরও তিনটি সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। দলীয় সূত্র জানায়, শনিবার ঘোষিত এই তালিকার মাধ্যমে চট্টগ্রামে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া প্রায় সম্পন্নের পথে।
দ্বিতীয় দফার ঘোষণায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আসলাম চৌধুরী। চট্টগ্রাম-১০ (ডাবলমুরিং–পাহাড়তলী–হালিশহর) আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান তূর্যকে। আর চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১২টিতে বিএনপি চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করে। দ্বিতীয় দফার ঘোষণার মধ্য দিয়ে এখন পর্যন্ত মোট ১৫টি আসনে দলীয় প্রার্থী নির্ধারণ করা হয়েছে।
তবে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে এখনো কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। দলীয় সূত্রগুলো বলছে, ওই আসনে রাজনৈতিক সমীকরণ ও সম্ভাব্য জোট সমঝোতার বিষয়টি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চট্টগ্রামের অধিকাংশ আসনে মনোনয়ন চূড়ান্ত হওয়ার ফলে বিএনপির নির্বাচনী প্রস্তুতি এখন মাঠপর্যায়ে আরও সক্রিয় হবে। তবে অবশিষ্ট আসনে সিদ্ধান্ত বিলম্বিত হলে সেখানে সাংগঠনিক সমন্বয়ে চ্যালেঞ্জ তৈরি হতে পারে।