বিমান বন্দর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আটক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

গ্রেপ্তারকৃত শাওন নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

পুলিশ সূত্রে জানা যায়, শাওনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা, গুলি ও হত্যার অভিযোগসহ মোট ছয়টি মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

এর আগে তিনি নরসিংদী জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে শাওনকে গ্রেপ্তারের বিষয়ে আমরা খবর পেয়েছি। আমাদের পুলিশের একটি টিম ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য ঢাকায় গিয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *