বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শোক

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক দুটি বার্তায় পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শোক প্রকাশ করেছেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রকাশিত শোকবার্তায় বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তিনি গভীরভাবে শোকাহত। তিনি বেগম জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও জনগণের সেবায় তাঁর অবদান সম্মানের সঙ্গে স্মরণ করা হবে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট।

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও এক্সে দেওয়া পৃথক শোকবার্তায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তিনি গভীরভাবে মর্মাহত। বাংলাদেশের উন্নয়ন ও প্রবৃদ্ধিতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

খালেদা জিয়াকে পাকিস্তানের একজন নিবেদিত বন্ধু উল্লেখ করে শেহবাজ শরিফ বলেন, এই শোকের মুহূর্তে তাঁর সরকার ও পাকিস্তানের জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। এই কঠিন সময়ে তাঁদের ভাবনা ও প্রার্থনা বেগম জিয়ার পরিবার, বন্ধু ও বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *