মুস্তাফিজকে স্বাগত জানালো পিএসএল কর্তৃপক্ষ

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চাপে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্কোয়াড থেকে বাদ দেয়ার পর ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। একদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার চূড়ান্ত ঘোষণা দিয়েছে, অন্যদিকে ‘কাটার মাস্টারকে’ সাদরে বরণ করে নিতে মুখিয়ে আছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

আইপিএল থেকে মুস্তাফিজকে সরিয়ে দেয়ার পর থেকেই গুঞ্জন ছিল পাকিস্তানের একাধিক ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে আগ্রহী। সম্প্রতি পিএসএলের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুস্তাফিজকে নিয়ে করা একটি পোস্ট সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে। ধারণা করা হচ্ছে, আইপিএলের দরজা বন্ধ হলেও পিএসএলের দরজা তার জন্য এখন পুরোপুরি খোলা।
লন্ডনভিত্তিক জনপ্রিয় পাকিস্তানি সঞ্চালক ও কমেডিয়ান সালমান মালিক এই ইস্যুতে একটি আবেগঘন পোস্ট করে মুস্তাফিজের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন,‘যদি একজন বাংলাদেশিকে নিষিদ্ধ করে তারা (ভারত) খুশি হয়, তবে হতে দিন। আমরা পাকিস্তানিরা আমাদের বাংলাদেশি ভাইকে পিএসএলে স্বাগত জানাতে পারলে অত্যন্ত খুশি হবো।’ তার এই মন্তব্য দুই দেশের ক্রিকেট অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

মুস্তাফিজের সঙ্গে বিসিসিআই-এর আচরণের প্রতিবাদে ইতোমধ্যেই আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বিসিবি। চিঠিতে সাফ জানিয়ে দেয়া হয়েছে, নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশ দল ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেবে না। বিসিবির এই কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে আইসিসি বিকল্প ভেন্যু ও নতুন সূচি তৈরির প্রাথমিক কাজ শুরু করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল নিলামে মুস্তাফিজকে নিয়ে চেন্নাই ও দিল্লির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল কলকাতার। শেষ পর্যন্ত রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কেকেআর, যা ছিল আইপিএলে যেকোনো বাংলাদেশির জন্য সর্বোচ্চ পারিশ্রমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *