সমমনা জোটকে আরও ৮ আসন ছাড় বিএনপির, মাঠে অসন্তোষ

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে শরিক থাকা সমমনা দল ও জোটের আরও সাত নেতাকে আসন ছাড় দিয়েছে বিএনপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এসব আসনে দলীয় কোনো প্রার্থী দেবে না বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ব্রিফিংয়ে জানানো হয়, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসনে নির্বাচন করবেন। তিনি বিএনপিতে যোগ দেবেন। ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রার্থী হবেন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে এবং দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-৪ আসনে নির্বাচন করবেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার পিরোজপুর-১ এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না বলে জানানো হয়েছে।

এ ছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসনে প্রার্থী হবেন। তিনি বুধবার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

মাঠপর্যায়ে অসন্তোষ

সমমনা দল ও জোটকে আসন ছাড় দেওয়ার সিদ্ধান্তে বিএনপির মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কয়েকটি আসনে বিক্ষুব্ধ নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এতে মিত্র দলগুলোর নেতারা অসন্তোষ প্রকাশ করলেও বিএনপির শীর্ষ নেতৃত্ব বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।

আসন ভাগাভাগির চাপ

আন্দোলনকালীন সময়ে বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বিজেপি, গণঅধিকার পরিষদ, এনডিএম, চারদলীয় বাম জোট ও লেবার পার্টিসহ প্রায় ৫৭টি দল ও জোট যুক্ত ছিল। গত অক্টোবরে এসব দল মোট ২২২টি আসন দাবি করে।

এর মধ্যে এলডিপি ৪০টি, ১২ দলীয় জোট ২১টি, গণফোরাম ১৫টি, জাতীয়তাবাদী সমমনা জোট ৯টি, বিজেপি ৫টি, লেবার পার্টি ৬টি এবং এনডিএম ১০টি আসন দাবি করে।

এর আগে মঙ্গলবার বিএনপি জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে চারটি আসনে সমঝোতার ঘোষণা দেয়। নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তের প্রার্থীদের সমর্থন দেবে বিএনপি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন সমঝোতা বিএনপির আন্দোলনকালীন ঐক্যকে নির্বাচনী বাস্তবতায় রূপ দেওয়ার চেষ্টা হলেও মাঠপর্যায়ে বিদ্রোহ ও অসন্তোষ বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *