কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের উপর হামলায় শ্রমিক দল নেতাসহ ১৮ জনের নামে মামলা

চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চলাকালে ট্রাফিক পুলিশের ওপর সিএনজিচালিত অটোরিকশার চালকদের হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর রোববার রাতে কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। একই সঙ্গে রাতভর অভিযানে ৪৩টি অটোরিকশা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার (তারিখ) রাতে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. তফছিরুল ইসলাম কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলা শ্রমিক দলের সভাপতি অঙ্কুর মেম্বারসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বেলা আনুমানিক ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক সংলগ্ন এলাকায় ট্রাফিক পুলিশের অভিযান শুরু হয়। অভিযানে ট্রাফিক পুলিশের দুইজন সার্জেন্ট ও পাঁচজন কনস্টেবল অংশ নেন। এ সময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাকে সংকেত দিয়ে থামানো হয়।

পুলিশ অটোরিকশাটিতে মামলা দেওয়ার প্রক্রিয়া শুরু করলে ১০ থেকে ১৫ জন সিএনজি চালক সংঘবদ্ধভাবে সেখানে এসে ট্রাফিক পুলিশের ওপর হামলা চালায়। হামলায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার ও কনস্টেবল সালাউদ্দিন আহত হন।

মামলার বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, “হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

অন্যদিকে মামলায় নাম আসা কর্ণফুলী উপজেলা শ্রমিক দলের সভাপতি অঙ্কুর মেম্বার অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *