আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর ) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার হাতে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়নপত্র জমা শেষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ স্বাধীন ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে না পারায় গণতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে রূপ নেবে এবং এর মাধ্যমে দেশে জনগণের প্রকৃত সরকার প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে পটিয়ার সম্মানিত জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। নির্বাচিত হলে তিনি পটিয়ার সার্বিক উন্নয়নে জনগণের সেবক হিসেবে কাজ করবেন বলেও অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন (এমএসসি), জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মঈনুল আলম ছোটন এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়নসহ দলীয় নেতাকর্মীরা।