চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের এক অভিযানে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্র জানায়, গত ৭ জানুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে কোতোয়ালী থানাধীন লালদিঘী পাড় এলাকায় অবস্থিত হোটেল আল আনসারীতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সাদমান রাবু (২১), আরিফুল ইসলাম ইমন (২৪), এমডি নাইমুল হাসান (৩০), মো. টিপু (৩১), মোস্তাক আহমেদ রাব্বি (২৮), রুমা আক্তার (২৬), শিমলা আক্তার (১৮), সাদিয়া আফরীন (২৫) ও সাদিয়া সোলতানা (১৯)।
গ্রেফতারের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সিএমপি অধ্যাদেশ ১০৩/৭৬ ধারায় বিজ্ঞ আদালতে নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।