আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট, রাজনৈতিক জবাবদিহিতা এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তে নাগরিক অংশগ্রহণের প্রশ্ন নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে। এই প্রেক্ষাপটে চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী জোবাইরুল আরিফ গণভোট বিষয়ে মতবিনিময় ও প্রচারপত্র বিনিময় করেছেন চট্টগ্রামের প্রভাবশালী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া দারুল মারিফ আল ইসলামিয়ার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস ফুরকানুল্লাহ খলিলের সঙ্গে।
সৌজন্য সাক্ষাতে গণভোটের ধারণা, রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোয় জবাবদিহিতা প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় গণভোট সংক্রান্ত প্রচারপত্রও বিনিময় করা হয়।
সাক্ষাৎ শেষে জোবাইরুল আরিফ বলেন, “এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে। যদি আমরা পুরনো ব্যবস্থা ও ফ্যাসিবাদী কাঠামোর রাষ্ট্রীয় যন্ত্র থেকে মুক্ত হতে চাই, তাহলে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই সেই কাঠামো ভাঙতে হবে। আর যারা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে, তারা কার্যত নতুন কোনো ফ্যাসিবাদী ব্যবস্থার পথ তৈরি করতে চায়।”
তিনি আরও বলেন, “যে সমাজে আলেম, শিক্ষক ও সামাজিক নেতৃত্ব মানুষের আস্থার জায়গা, সেখানে তাদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো রাজনৈতিক সংস্কার টেকসই হতে পারে না। আমরা চাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রশ্নে জনগণের সরাসরি মতামত থাকুক, যেন ক্ষমতা আর কখনোই জনগণের বিরুদ্ধে দাঁড়াতে না পারে।”
দলীয় সূত্র জানায়, এনসিপি গণভোটকে প্রতীকী রাজনৈতিক স্লোগান হিসেবে নয়, বরং একটি কাঠামোগত সাংবিধানিক সংস্কারের বাস্তব উপায় হিসেবে উপস্থাপন করতে চায়। এ লক্ষ্যেই ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক সংলাপে জোর দেওয়া হচ্ছে।