চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর বাংলা বাজার এলাকায় অবস্থিত মাসুদ এগ্রো প্রসেসিং ফুড প্রোডাক্ট লিমিটেডের শ্রমিকরা ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে কোম্পানির বিপুলসংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করে বলেন, দীর্ঘ ৪ থেকে ৫ বছর কাজ করেও তাদের বেতন বৃদ্ধি হয়েছে মাত্র এক হাজার টাকা। শ্রম আইন অনুযায়ী দৈনিক কর্মঘণ্টা ৮ ঘণ্টা হলেও নিয়মিতভাবে তাদের দিয়ে ১২ ঘণ্টা কাজ করানো হচ্ছে। অতিরিক্ত ৪ ঘন্টার কাজ করানো হলেও কোনপ্রকার অতিরিক্ত মজুরি দেওয়া হচ্ছে না।
তারা আরও অভিযোগ করেন, আইন অনুযায়ী ৬ মাসে চাকরি স্থায়ীকরণের কথা থাকলেও ৪-৫ বছর চাকরি করা শ্রমিকদেরও এখনো স্থায়ী করা হয়নি। বিভিন্ন সময় দাবি নিয়ে গেলেও দাবি না মেনে পরিবর্তে শ্রমিকদের বদলী করা হয়েছে।

মানববন্ধনে শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো হলো— ১) দৈনিক ১২ ঘণ্টা কর্মঘণ্টা বাতিল করে ৮ ঘণ্টা নির্ধারণ এবং অতিরিক্ত সময়ের জন্য ওভারটাইম প্রদান।২) সরকারি শ্রমিক মজুরি স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ।৩) প্রতি মাসের বেতন ৫ থেকে ১০ তারিখের মধ্যে নিয়মিত পরিশোধ।৪) চলমান বেতনের সঙ্গে প্রতিবছর ন্যূনতম ১৫ শতাংশ বেতন বৃদ্ধি।৫) টানা ৬ মাস চাকরি সম্পন্নকারী শ্রমিককে স্থায়ী হিসেবে গণ্য করা।৬) শুক্রবারসহ সরকারি ছুটির দিনে কাজ বন্ধ রাখা; প্রয়োজনে কাজ চালু থাকলে তা ওভারটাইম হিসেবে গণ্য করা।
এ ব্যাপারে উপস্থিত কর্ণফুলী থানার এস আই চয়ন বলেন, তাদের দাবির বিষয়ে আমরা অবগত না, বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে আমাদের জানানো হলে আমরা ঘটনাস্থলে এসেছি।
শ্রমিকদের দাবি, লিখিতভাবে দাবি দাখিল করার পর তাদের গ্রুপের ৯ জন শ্রমিককে অন্যত্র বদলি করা হয়েছে এবং চাকরিচ্যুত করার হুমকিও দেওয়া হয়েছে। এমনকি প্রয়োজনে শ্রমিকদের বাদ দিতে কোটি টাকা খরচ করতেও কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলে তাদের জানানো হয়েছে।মানববন্ধন থেকে শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে জানান, তাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এ বিষয়ে কোম্পানির এইচআর অ্যাডমিন ম্যানেজার জুয়েল দেওয়ানজি বলেন, শ্রমিকরা কারও উসকানিতে মানববন্ধন করছে। তাদের ছয় দফা দাবি অনেক আগেই মেনে নেওয়া হয়েছে। এ বিষয়ে আগামীকাল সকালে নোটিশ দেওয়া হবে বলে তিনি জানান।