বিচার বিভাগের সরকারের হস্তক্ষেপের অভিযোগে প্রতিবাদ এনসিপির আইনজীবীদের

বিচার বিভাগের স্বাধীনতায় সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবী সংগঠন ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশকে কেন্দ্র করে অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ করার ঘটনাকে কেন্দ্র করে এই প্রতিক্রিয়া জানানো হয়।

বুধবার (৮ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট আজমল হোসেন বলেন, বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিরুদ্ধে নির্বাহী নির্দেশনার মাধ্যমে নেওয়া এই পদক্ষেপ বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী। তিনি দাবি করেন, এটি বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টির একটি কৌশল।

তিনি আরও বলেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালা, ২০১৭ অনুসারে এ ধরনের শোকজ নোটিশ আইনসম্মত নয় এবং সংবিধানের ৩৯ অনুচ্ছেদে প্রদত্ত মতপ্রকাশের স্বাধীনতারও লঙ্ঘন।

সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে সংশ্লিষ্ট বিচারকদের বিরুদ্ধে জারি করা শোকজ নোটিশ প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি বিচার বিভাগের ওপর নির্বাহী হস্তক্ষেপ বন্ধ করে এর স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে এনএলএ’র বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা একই সঙ্গে সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত সিদ্ধান্ত এবং ‘গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের উদ্যোগেরও সমালোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *