আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার লক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কর্ণফুলী উপজেলা শাখা। কর্মসূচিতে দলমত নির্বিশেষে সকলকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
গণসংযোগকালে নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং গণভোটের গুরুত্ব ব্যাখ্যা করেন।
এ সময় কর্ণফুলী উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসেন তারা বলেন, “নব্য ফ্যাসিস্ট শক্তিকে চিরতরে রুখে দিতে এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনের জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়ের কোনো বিকল্প নেই। আমরা একটি সংকটময় মুহূর্ত পার করছি। যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ১৪০০ শহীদ ভাই-বোন রক্ত দিয়েছেন এবং ৩০ হাজার মানুষ আহত হয়েছেন, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো আমরা পুরোপুরি বুঝে পাইনি।”
তিনি আরও বলেন, “শহীদদের রক্তস্নাত এই দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে রাষ্ট্রযন্ত্রের ব্যাপক সংস্কার প্রয়োজন। আর এই সংস্কারের ম্যান্ডেট নিতেই গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে।”
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি কর্ণফুলী উপজেলার সদস্য, নওশাদুল ইসলাম, ফারদিন আলম শিহাব, ইমন আকবর। উপস্থিত ছিলেন, জাতীয় যুবশক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক, ইশতিয়াকুল ইসলাম, আবু তালেব আকিব, সোহরাব হোসেন সৈকত। জাতীয় ছাত্রশক্তি দক্ষিণ জেলা সংগঠক, আব্দুর রহমান মাউন। এছাড়াও স্থানীয় এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী এই গণসংযোগে অংশ নেন।
নেতৃবৃন্দ আগামী নির্বাচন পর্যন্ত গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত তৈরির কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।