হতদরিদ্রদের সাড়ে ৭ হাজার কেজি চাল বিক্রি করে দিলেন ইউপি চেয়ারম্যান

নাটোরের সিংড়া উপজেলায় হতদরিদ্র নারীদের জন্য বরাদ্দ সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি—ভিজিডির চাল আত্মসাৎ ও কালোবাজারে বিক্রির অভিযোগে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছে প্রশাসন।
অভিযুক্ত সোহরাব হোসেন সুকাশ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অভিযোগ অনুযায়ী, মার্চ মাসে ভিজিডি কর্মসূচির আওতায় বরাদ্দ প্রায় ৭ হাজার ৪১০ কেজি চাল গুদাম থেকে উত্তোলন করা হলেও তা উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়নি।

উপজেলা খাদ্য বিভাগের তথ্য বলছে, ২৪৭ জন দুস্থ নারীর জন্য বরাদ্দ এই চাল উত্তোলনের পর তা বিতরণ না করে অন্যত্র বিক্রি করা হয়। পরে চাল বিতরণ দেখিয়ে ভুয়া মাস্টাররোল ও প্রত্যয়নপত্র তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে অনুসন্ধানে একাধিক উপকারভোগী জানিয়েছেন, তারা মার্চ মাসের কোনো চাল পাননি। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খোলার কথা বলে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও উঠেছে, যদিও বাস্তবে কোনো অ্যাকাউন্ট খোলা হয়নি।

অভিযোগ যাচাইয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপকারভোগীদের কার্ডে ভুয়া স্বাক্ষর ও টিপসইয়ের প্রমাণ পান। স্থানীয়দের দাবি, কার্ড নিয়ে জোরপূর্বক স্বাক্ষর করানো হয় এবং পরে মিথ্যা তথ্য দিতে চাপ দেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান দাবি করেন, অসুস্থতার কারণে সময়মতো চাল বিতরণ করা সম্ভব হয়নি এবং পরে তা বিতরণ করা হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *