চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত একটি পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।
অভিযান চলাকালে দেখা যায়, পাম্পটিতে ‘তেল নেই’ উল্লেখ করে বিক্রি বন্ধ রাখা হয়েছে। তবে সংরক্ষণ ট্যাংক পরিদর্শন করে বিপুল পরিমাণ জ্বালানি তেলের মজুদ পাওয়া যায়। যাচাইয়ে প্রায় ২ হাজার ৩৬৮ লিটার পেট্রল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুদ থাকার বিষয়টি নিশ্চিত হয়।
মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
এ বিষয়ে ইউএনও জাকির মুন্সী বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে জনদুর্ভোগ তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে সকল পাম্প মালিককে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে এবং প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে রসিদ প্রদানের বিষয়টি নিশ্চিত করতে হবে।