যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার প্রভাব ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে বৈশ্বিক জ্বালানি বাজারে। তেল ও পেট্রোলিয়াম পণ্যের দামে অস্থিরতার মধ্যে বড় পদক্ষেপ নিয়েছে রাশিয়া।
দেশটি ঘোষণা দিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে সাময়িকভাবে গ্যাসোলিন (পেট্রোল) রপ্তানি স্থগিত রাখা হবে। সরকারের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য—দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা এবং বাজারদর নিয়ন্ত্রণে রাখা।
রাশিয়া সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি করছে।
এ বিষয়ে দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানান, বিশ্ববাজারে রাশিয়ার জ্বালানির চাহিদা এখনও শক্তিশালী রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে সরকার অভ্যন্তরীণ বাজারকে অগ্রাধিকার দিচ্ছে।
উচ্চপর্যায়ের এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশনা বিশেষভাবে গুরুত্ব পায়—যেখানে জ্বালানির মূল্য যেন পূর্বাভাসের সীমা ছাড়িয়ে না যায়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।