গাজীপুরে এনসিপিতে একযোগে ১৫৩২ জনের যোগদান
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে। মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা, আইনজীবীসহ মোট ১ হাজার ৫৩২ জন নতুন সদস্য হিসেবে সংগঠনটিতে যোগ দিয়েছেন।
রোববার (৫ এপ্রিল) গাজীপুরের আহনাফ কিচেন-এ আয়োজিত এক সভায় এ তথ্য জানান এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও গাজীপুর মহানগর সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকেই নানা পেশার মানুষ এনসিপির প্রতি আগ্রহ দেখাচ্ছেন। মানুষের কাছে দলটি একটি নিরাপদ ও সম্ভাবনাময় প্ল্যাটফর্ম হিসেবে গ্রহণযোগ্যতা পাচ্ছে। এর ধারাবাহিকতায় গাজীপুরেও বড় পরিসরে এই যোগদান সম্পন্ন হয়েছে। নতুন সদস্যদের মধ্যে ১ হাজার ২৮ জন অনলাইনের মাধ্যমে এবং বাকিরা সরাসরি ফরম পূরণ করে দলে যুক্ত হয়েছেন।
তিনি আরও জানান, নতুন সদস্যদের অনেকেই পর্যায়ক্রমে এনসিপি ও এর অঙ্গসংগঠন—ছাত্রশক্তি, যুবশক্তি ও শ্রমিকশক্তির বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হবেন।
এদিকে, এনসিপিতে যোগ দেওয়া সাবেক সেনা কর্মকর্তা কামাল হোসেন বলেন, তারুণ্যের শক্তি ও অভিজ্ঞতার সমন্বয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই তিনি এই দলে যুক্ত হয়েছেন।
আইনজীবী রাশেদুল ইসলাম রবি বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই তিনি এনসিপির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন।
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির নির্বাহী সদস্য ও শ্রমিকশক্তির প্রধান সংগঠক আরমান হোসাইন, কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।