চরপাথরঘাটায় জায়গা সংক্রান্ত বিরোধে জামায়াত নেতার ওপর হামলা, লুটপাটের অভিযোগ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় ঘর থেকে প্রায় ৩ লাখ টাকা লুটপাটেরও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, চরপাথরঘাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট মানিকের ওপর আজ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ করে তাদের ওপর আক্রমণ চালায়।
পরিবারের অভিযোগ, হামলায় নেতৃত্ব দেন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত সোহাগ। তার সঙ্গে তার বাবা মনছুর এবং ছোট ভাই সুজনও হামলায় অংশ নেন বলে অভিযোগ করা হয়েছে। তারা সবাই ভুক্তভোগী পরিবারের আত্মীয় এবং জায়গা সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
হামলায় গুরুতর আহত জামায়াত নেতা মানিক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে এবং ঘটনার সব দিক তদন্ত করা হচ্ছে।