কোটি টাকা প্রতারণার অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা আটক

রাজধানীতে প্রতারণার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রদল নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ভুক্তভোগীরা। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উত্তর ইব্রাহিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মাহি চৌধুরী, যিনি ঢাবির হাজী মুহাম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিসেবে পরিচিত।

প্রাথমিকভাবে জানা গেছে, নিজেকে ক্যাটফুড ব্যবসায়ী পরিচয় দিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিনিয়োগের নামে বড় অঙ্কের অর্থ নেন। অভিযোগ রয়েছে, ব্যবসার নাম করে লাভের প্রলোভন দেখিয়ে বহু মানুষকে বিনিয়োগে উদ্বুদ্ধ করতেন তিনি।

ভুক্তভোগীদের একজন আশিকুজ্জামান মোল্লা জানান, আরও টাকা দেওয়ার কথা বলে পরিকল্পিতভাবে মাহিকে ডেকে এনে আটক করা হয়। পরে তারা জানতে পারেন, একই কৌশলে আরও অনেকেই প্রতারণার শিকার হয়েছেন।

অন্য এক ভুক্তভোগী হিমেল দাবি করেন, তার কাছ থেকে নেওয়া ৪০ লাখ টাকার মধ্যে এখনো ৩৪ লাখ ৫০ হাজার টাকা বাকি রয়েছে।

অভিযোগ অনুযায়ী, শুধু সাধারণ মানুষই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীও এই প্রতারণার শিকার হয়েছেন। সব মিলিয়ে তার বিরুদ্ধে কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসাইন বলেন, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে হেফাজতে নেয়। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা দায়ের হয়নি।

এদিকে, সংগঠনের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি তামি জানান, অভিযোগ ওঠার পর প্রায় এক মাস আগে থেকেই মাহির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্তকে সংগঠনের কোনো পদে রাখার সুযোগ নেই এবং ভুক্তভোগীরা আইনি পদক্ষেপ নিতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *