চাঁদা না দেওয়ায় যুবদল নেতার ওপর হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

চাঁদা না দেওয়ায় যুবদল নেতার ওপর হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

কিশোরগঞ্জ সদর উপজেলায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে অপহরণ করে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।

ভুক্তভোগী বাবুল মিয়া, লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। মঙ্গলবার দুপুরে কাটাবাড়িয়া এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন স্থান থেকে তাকে একটি রেস্টুরেন্ট থেকে জোরপূর্বক তুলে নেওয়া হয় বলে অভিযোগ। পরে একটি নির্জন স্থানে নিয়ে তাকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাবুল মিয়ার দাবি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ তার কাছে ৬ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে পূর্বের ক্ষোভ থেকে এ হামলার ঘটনা ঘটে। এর আগে তিনি বিষয়টি থানাকেও অবহিত করেছিলেন বলে জানান।

এ ঘটনায় মঙ্গলবার রাতে বাবুলের বাবা মো. হাদিস মিয়া বাদী হয়ে শহীদুল ইসলাম শহীদকে প্রধান আসামি করে আরও কয়েকজনের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে শহীদুল ইসলাম শহীদ বলেন, বাবুলের সঙ্গে তার কোনো বিরোধ নেই এবং চাঁদাবাজির সঙ্গে তিনি জড়িত নন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভুঁইয়া জানান, ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *