ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বন্ধ নবীন ফ্যাশনের ফ্যাক্টরি

কেরানীগঞ্জে চাঁদাবাজি ও হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, ফেসবুকে জানাল Nobin Fashion।

ঢাকার কেরানীগঞ্জে চাঁদাবাজি, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেছে Nobin Fashion। প্রতিষ্ঠানটির দাবি, নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের লক্ষ্য করে একাধিকবার ভয়ভীতি প্রদর্শন ও হামলার ঘটনা ঘটেছে।

ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে অভিযোগ করে, স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে মাসিক তিন লাখ টাকা চাঁদা দাবি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে। দাবি পূরণ না করায় কর্মচারীদের হত্যার হুমকি দিয়ে ফ্যাক্টরি থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। এ ঘটনায় এক সুপারভাইজারকে তুলে নিয়ে মারধরের অভিযোগও করা হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, গত ২৫ মার্চ সকালে একদল ব্যক্তি কারখানায় প্রবেশ করে লুটপাটের চেষ্টা চালায়। সে সময় উপস্থিত বিদেশি প্রকৌশলীর কারণে এবং ভিডিও ধারণের ঘটনায় তারা সরে যেতে বাধ্য হয় বলে দাবি করা হয়।

গত কয়েকদিন পুলিশি সহায়তা পাওয়া গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। বারবার হামলার ঘটনায় আতঙ্কে প্রায় ৯০ জন কর্মচারীর নিরাপত্তার কথা বিবেচনায় ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছেন বলে জানানো হয়।

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ জানানো হলেও এখনো কার্যকর সমাধান মেলেনি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

তবে এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতাকর্মীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *